News71.com
 Bangladesh
 30 Mar 20, 07:36 PM
 95           
 0
 30 Mar 20, 07:36 PM

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশেরই ১২টি কারখানায় তৈরি হচ্ছে সুরক্ষা পোশাক পিপিই॥

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশেরই ১২টি কারখানায় তৈরি হচ্ছে সুরক্ষা পোশাক পিপিই॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বা সুরক্ষা পোশাকের সংকটের কথা প্রতিদিনই আসছে। সেই সংকট কাটাতে দেশের রপ্তানিমুখী ১২টি পোশাক কারখানায় তৈরি হচ্ছে পিপিই। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তত্ত্বাবধানে কারখানাগুলো কাজ করছে।

কারখানাগুলোর মধ্যে স্নোটেক্স আউটারওয়্যার প্রাথমিকভাবে বিনা মূল্যে বিতরণের জন্য ১৭ হাজার পিপিই বানানোর উদ্যোগ নিয়েছে। গত শনিবার থেকে প্রতিদিন দুই হাজার করে পিপিই উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ৫ এপ্রিল কারখানা পুরোদমে খুললে তাদের পিপিই উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে প্রতিদিন ৫-১০ হাজার পিস।

বিষয়টি নিশ্চিত করে স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ গত রাতে বলেন, ১৭ হাজার পিপিইর মধ্যে ১৩ হাজার পিস আমরা বিজিএমইএসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিতরণ করব। বাকি ৪ হাজার পিপিই আমরা নিজেরাই হাসপাতালগুলোতে দেব। তারপর কোনো হাসপাতাল বা প্রতিষ্ঠান যদি ক্রয়াদেশ দেয়, তাহলে আমরা বিনা মুনাফায় পিপিই প্রস্তুত করে দেব।

জানা যায়, আজমি ফ্যাশন, অ্যালায়েন্স অ্যাপারেলস, জেএম ফেব্রিকস, লাক্সমা ইনওয়্যার, উর্মি গার্মেন্টস, স্নোটেক্স আউটারওয়্যার, টিআরজেড গার্মেন্টস, ফোরএ ইয়ার্ন অ্যান্ড ডায়িং, ডেকো ডিজাইন লিমিটেড, ইসলাম গার্মেন্টস লিমিটেড, অ্যারিস্টোক্র্যাট গ্রুপ ও মোহাম্মদী শার্টেক্স লিমিটেড পিপিই তৈরি করছে। তবে অনেক পোশাক কারখানা কাপড় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন