
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় এগিয়ে এসেছে দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ লক্ষ্যে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মীদের বিনামূল্যে ২০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেবে ব্যবসায়ী সংগঠনটি।রোববার (২৯ মার্চ) দিনগত রাতে বিজিএমইএ’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।এতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিজিএমইএ’কে পিপিই সরবরাহের অনুরোধ করেছে। এ মুহূর্তে বিতরণের উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ে ২০ হাজার পিপিই পোশাক তৈরির উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। এগুলো প্রথম স্তরের পিপিই (লেভেল-১) এর পরিপূরক হিসেবে প্রস্তুত করা হচ্ছে। তবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসারত ডাক্তার ও কর্মীদের প্রয়োজন লেভেল ৩/৪ পিপিই।