
নিউজ ডেস্কঃ মহামারী করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রোববার (২৯ মার্চ) করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী পুলিশের সার্বিক কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আইজিপি বলেন, প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদর্শনের জন্য পরিচয়পত্র সঙ্গে রাখুন। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরতরা, বিভিন্ন হোটেল-দোকানের কর্মচারী কিংবা প্রয়োজনে যারা বাইরে বের হবেন তারা পরিচয়পত্র রাখবেন। আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের নিয়মিত দায়িত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, নিয়মিত দায়িত্বের পাশাপাশি করোনা বিস্তার রোধে পুলিশের সব ইউনিট একযোগে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারাদেশে পুলিশের সার্বিক কার্যক্রম সমন্বয়, গতিশীল ও ফলপ্রসূ করতে পুলিশ সদর দপ্তরে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পুলিশপ্রধান আরো বলেন, বিদেশ থেকে আসা লোকদের ইমিগ্রেশন থেকে কোয়ারেন্টাইন নিশ্চিতে নির্দেশনা সম্বলিত প্রচারপত্র দেওয়া হয়েছে। প্রতিদিন ইমিগ্রেশন থেকে বিদেশফেরতদের তালিকার সংগ্রহ করে সব এসপি ও ইউনিটের কাছে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসনকেও সেই তালিকা দেওয়া হয়েছে, যাতে তারাও পর্যালোচনা-পর্যবেক্ষণ করতে পারেন।