
নিউজ ডেস্কঃ মহামারী করোনা ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে কয়েকগুন। ছুটির সময় মানুষ ঘরে বসে ইন্টারনেটে সিনেমা, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই সময় পর করছেন বলে ধারণা সংশ্লিষ্টদের। একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান জানিয়েছে, ইন্টারনেট ব্যান্ডউইডথ চাহিদা বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। আইআইজি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবির সংবাদমাধ্যমকে বলেন, ছুটিতে ব্যান্ডউইডথ চাহিদা ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাধারণত ছুটির সময়ে কমে যায়। কিন্তু এবার ভিন্ন চিত্র। ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পযর্ন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে। আবার মানুষ ঘরে থাকতেও বাধ্য হচ্ছে। বিটিআরসির ফেব্রুয়ারি মাস শেষের হিসাব বলছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৭ লাখ ৩৮ হাজার। মোট ব্যবহারকারী দাঁড়িয়েছে, ৯ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার। এর মধ্যে ৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন। বাকিরা ব্রডব্যান্ড ও অন্যান্য মাধ্যম ব্যবহার করেন। ইন্টারনেট সেবাদাতকারী প্রতিষ্ঠান সূত্র জানা গেছে, এখন অফিস-আদালতে ইন্টারনেটের ব্যবহার সীমিত। তবে বাসায় চাপ বেড়েছে।