
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সংসদ টেলিভিশনের মাধ্যমে আমার ঘরে আমার স্কুল শিরোনামে প্রচারিত ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসসমূহ মনোযোগ দিয়ে দেখার ও আত্মস্থ করারও আহ্বান জানান।রোববার (২৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় এ আহ্বান জানান তিনি।ডা. দীপু মনি বলেন, বিশ্বব্যাপী নোবেল করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় পুরো বিশ্ব আজ প্রায় অচল। করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করতে আমাদের উচিত সচেতন হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা।তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দক্ষ শ্রেণি শিক্ষকদের ক্লাসসমূহ ভিডিও ধারণ করে সম্প্রচার করা হচ্ছে।মন্ত্রী সবাইকে বাসায় থাকার, সুস্থ থাকার ও নিরাপদে থাকার আহ্বান জানান এবং এই শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সব শিক্ষক, সংসদ টেলিভিশনের সব কলাকুশলী এবং এটুআই-কে ধন্যবাদ জানান।