News71.com
 Bangladesh
 29 Mar 20, 10:03 PM
 150           
 0
 29 Mar 20, 10:03 PM

পণ্য সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে নজরদারিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি।।

পণ্য সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে নজরদারিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি।।

নিউজ ডেস্কঃ দেশে নিত্য প্রয়োজনীয়সহ সব পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি। আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, বাজারব্যবস্থা পর্যবেক্ষণ ও আমদানি-রপ্তানি বিষয়ে তথ্য সরবরাহের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রহিম খান (মুঠোফোন নম্বর ০১৭১১-৩৬৮৪২৬), জ্যেষ্ঠ সহকারী সচিব আশরাফুর রহমান (০১৭১৬-১৫৪০২০) এবং সহকারী বাণিজ্য পরামর্শক মো. জিয়াউর রহমান (০১৭১২-১৬৮৯১৭) দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সব পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দিকনির্দেশনা এবং বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি ছুটির মধ্যেও সংশ্লিষ্ট সব কার্যক্রম চালু রাখা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার অভিযান পরিচালনাসহ স্বাভাবিক দাপ্তরিক কাজ পরিচালনা করছে। জরুরি সেবা প্রদানের জন্য সেখানে নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে, যার নম্বর ০১৮১৯-৪০৪৭৩০। ভোক্তা বাতায়ন হটলাইন নম্বর ১৬১২১। টিসিবির পণ্য বিক্রি চালু রয়েছে। টিসিবির পণ্য বিক্রয়সংক্রান্ত এবং সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগের জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২-৫৫০১৩৪৪৭।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন