
নিউজ ডেস্কঃ করোনভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী পিপিই দেশের চাহিদা পূরণ করে রপ্তানি করতে চায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক রোববার এক বার্তায় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য বিশ্বের অন্যান্য অঞ্চলে পিপিই রপ্তানি করা। আমরা এটি খুব দ্রুত করতে চাই।’ কোভিড-১৯ মোকাবিলায় দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য সরকার নির্ধারিত মান অনুসরণ করে ইতিমধ্যে পিপিই তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পোশাক রপ্তানিকারকরা।
বিজিএমইএ প্রধান জানান, তারা ইতিমধ্যে আইএলও, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউনিসেফ ও অন্যান্য সংস্থার একটি জোটের সঙ্গে আলোচনা করেছেন। পিপিই উৎপাদন করতে বাংলাদেশে এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য তাদের কাছে সহায়তা চেয়েছেন। তিনি বলেন, ‘তারা আমাদের ক্রয় ও প্রযুক্তিগত জ্ঞান শেয়ারে সহায়তা করবে। এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
আপাতত বিতরণের জন্য কমপক্ষে ২০ হাজার পিপিই তৈরি করার পরিকল্পনা করছে বিজিএমইএ। রুবানা হক জানান, ‘বর্তমানে বিজিএমইএর অনেক সদস্য পোশাক বিতরণ করছেন। আমরা কিছু পোশাক কিনে তহবিল দেওয়ারও পরিকল্পনা করছি। ফেব্রিক কারখানাগুলো যারা বিজিএমইএর সদস্য তারাও সংহতির লক্ষণ হিসেবে কম দামে ফেব্রিক বিক্রি করছে।’