News71.com
 Bangladesh
 29 Mar 20, 06:49 PM
 126           
 0
 29 Mar 20, 06:49 PM

আলিবাবার পাঠানো তিন লাখ মাস্ক এখন ঢাকায়॥

আলিবাবার পাঠানো তিন লাখ মাস্ক এখন ঢাকায়॥

নিউজ ডেস্কঃ অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার পাঠানো তিন লাখ মাস্ক ঢাকায় এসে পৌঁছেছে। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে এ সব পণ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।বিমানবন্দরেই এ সব পণ্য স্বাস্থ্য অধিদফতরের কাছে হস্তান্তর করেন চীনা দূতাবাসের কর্মকর্তারা।এর আগে শুক্রবার (২৭ মার্চ) জ্যাক মার পাঠানো ৩০ হাজার করোনাভাইরাস পরীক্ষার কিট দেশে পৌঁছায়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশকে এ সব চিকিৎসা ও স্বাস্থ্য সরঞ্জাম অনুদান হিসেবে পাঠিয়েছেন চীনের ধনাঢ্য এ ব্যবসায়ী।এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশসহ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।সেখানে জ্যাক মা লেখেন, ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক করোনা মোকাবিলায় বিভিন্ন দেশে অনুদান হিসেবে দেয়া হবে। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসে প্রাণ গেছে ৩০ হাজারের বেশি মানুষের। এখন পর্যন্ত বাংলাদেশে ৪৮ জন আক্রান্ত হয়েছে। আর এ ভাইরাসে প্রাণ গেছে ৫ জনের। যদিও গত ৪৮ ঘণ্টায় দেশে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন