
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন এলাকায় বসবাসরত নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হবে। এ জন্য বরাদ্দ দেয়া হয়েছে সাড়ে ছয় হাজার টন চাল। এই চাল খুব শিগগিরই জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করা হবে। মানবিক সহায়তা ত্রাণ হিসেবে এ চাল দেয়া হচ্ছে বলে জানা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, করোনাভাইরাসজনিত বর্তমান অবস্থা মোকাবেলা করার জন্য রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলায় বর্তমানে চালের মজুদ আছে ১৮ হাজার ২১৭ টন। এ থেকে ৬ হাজার ৫০০ টন চাল বিতরণ করা হবে।এই চাল বিতরণের বিষয়ে বলা হয়েছে, ‘দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকগণ দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা বাস্তবায়নে নির্দেশিকা ২০১২-২০১৩ অনুসরণ করে বরাদ্দকৃত চাল বিতরণ করবেন এবং সরকারি বিধি-বিধান পালনপূর্বক নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করে তা সংশ্লিষ্ট অধিদপ্তরকে অবহিত করবেন। বরাদ্দকৃত চালের ব্যয় চলতি ২০১৯-২০২০ অর্থবছরের ত্রাণকার্য (চাল) মঞ্জুরি খাত থেকে নির্বাহ করা হবে।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনাভাইরাস যাতে দ্রুত ছড়িয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে না পারে সে জন্য সরকার দেশজুড়ে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। সেই সাথে সবাইকে নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করতে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। রাস্তাঘাটে সব ধরনের সমাবেশ বন্ধ করা হয় শপিং মল ও হাট-বাজার বন্ধ ঘোষণা করা হয়। ফলে দিন এনে দিন খায় এমন মানুষসহ নিম্নআয়ের মানুষদের ভোগান্তি বেড়ে যায়। ১০ দিন ঘরে থাকা অবস্থায় যাতে এসব মানুষদের খাদ্যাভাব দেখা না দেয় সে জন্য সরকার বিশেষ ব্যবস্থায় এই চাল বিতরণের উদ্যোগ নিয়েছে। এতে করে সীমিত পর্যায়ে হলেও নিম্ন আয়ের মানুষদের দুঃখ দুর্দশা কিছু লাঘব হবে। প্রয়োজনে আরো চাল বিতরণ করা হবে বলেও তিনি জানান।