News71.com
 Bangladesh
 28 Mar 20, 09:49 PM
 150           
 0
 28 Mar 20, 09:49 PM

করোনাভাইরাস প্রতিরোধের প্রচেষ্টায় সফল হতে পারে ঝিনাইদহের ‘আনন্দবাগ’॥

করোনাভাইরাস প্রতিরোধের প্রচেষ্টায় সফল হতে পারে ঝিনাইদহের ‘আনন্দবাগ’॥

নিউজ ডেস্কঃ গ্রামে প্রবেশের তিনটি রাস্তা, তিন রাস্তার মোড়েই বসানো হয়েছে তল্লাশিচৌকি। যারাই গ্রামে প্রবেশ করছেন, তাদের পরিচয় এবং প্রয়োজন নিশ্চিত হয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এরপর আগন্তুকের গোটা শরীর জীবাণুনাশক দিয়ে স্প্রে করার পরই গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর গ্রামের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। জরুরি প্রয়োজন বুঝে বের হতে দেওয়া হলেও গ্রাম থেকে বাইরে যেতে ও প্রবেশের সময় শরীরে ছিটিয়ে দেওয়া হচ্ছে জীবাণুনাশক। স্থানীয়ভাবে লকাডাউন করায় খেটে খাওয়া দরিদ্র দিনমুজুর পরিবার যাতে বিপাকে না পড়ে, সে জন্য তালিকা করে পরিবার প্রতি ১০ কেজি চাল, দুই কেজি ডাল, এক লিটার তেলসহ আনুষঙ্গিক জিনিসপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ চিত্র ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রামের।

আনন্দবাগ গ্রামে ১৪০টি পরিবার রয়েছে। দুই হাজারের বেশি মানুষের বসবাস। গ্রামে প্রবেশের তিনটি রাস্তা রয়েছে। সব রাস্তার মোড়ে গ্রামের ছেলেরা কাজ করছে। মোড়ে বাঁশ বেঁধে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। যে কেউ গ্রামে প্রবেশ করতে হলে এই চৌকিতে থামতে হবে। সেখানে পটাশ মিশ্রিত পানি, স্যাভলন মিশ্রিত পানি, সাবান আর হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বসে আছেন যুবকেরা। তারা পালা করে গ্রামটিকে নজরদারি রাখছেন। গ্রামটি ‘লকডাউন’ করতে যা যা করণীয়, সবই তারা করছেন। গত তিন দিন তারা এভাবে নিজেদের গ্রামটিকে সুরক্ষিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনাভাইরাসের প্রকোপ বন্ধ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে গ্রামবাসী জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন