News71.com
 Bangladesh
 28 Mar 20, 11:29 AM
 96           
 0
 28 Mar 20, 11:29 AM

নিজের বৃত্তির টাকা বাচিয়ে জয়পুরহাটের জন্য করোনার টেস্টকিট পাঠালেন চীন পড়ুয়া শিক্ষার্থী॥

নিজের বৃত্তির টাকা বাচিয়ে জয়পুরহাটের জন্য করোনার টেস্টকিট পাঠালেন চীন পড়ুয়া শিক্ষার্থী॥

নিউজ ডেস্কঃ চীনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেই বাংলাদেশি তরুণের পাঠানো করোনাভাইরাস পরীক্ষার ১০০টি টেস্টিং কিট ও টেস্টের প্রয়োজনীয় অ্যাসিড ও ড্রপ আজ শুক্রবার জয়পুরহাট স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কিটগুলো পাঠিয়েছেন চীনে অধ্যয়নরত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মিজানুর রহমান সরকার। চীনের নানথোং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালে ইউএস বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ হুইপ ও জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই ও ক্ষেতলাল) আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কাছে এগুলো হস্তান্তর করেন। হুইপ আবু সাঈদ কিট ও প্রয়োজনীয় সামগ্রীগুলো জয়পুরহাটে পাঠিয়ে দেন। জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক আজ সিভিল সার্জন মো. সেলিম মিঞার হাতে এসব তুলে দেন। এ সময় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক জোবায়ের গালীব, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিজানুর রহমান জয়পুরহাটে করোনাভাইরাস পরীক্ষা করার জন্য কিট পাঠানোর ইচ্ছা ব্যক্ত করে গত মঙ্গলবার একটি পোস্ট দেন। বৃত্তির টাকা থেকে কিট কিনে দেশের এই ক্রান্তিলগ্নে প্রিয় জন্মভূমির মানুষদের জন্য সহযোগিতার এমন পোস্টে সাড়া দিয়ে তার সঙ্গে যোগাযোগ করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ। এরপরই মিজানুর ১০০টি কিট পাঠিয়ে দেন। মিজানুর রহমান সরকারের মা মাহফুজা খাতুন বলেন, ‘আমার তিন সন্তান। দুই যমজ কন্যা ও এক ছেলে। সন্তানদের মধ্যে মিজানুর বড়। ২০১৭ সালের শেষের দিকে সে উচ্চশিক্ষার চীনে যায়। ছেলে করোনাভাইরাস পরীক্ষার ১০০ কিট কিনে পাঠিয়েছে জেনে নিজেকে একজন গর্বিত মা মনে হচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন