
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পরিবর্তন এনেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুধু বিদেশফেরত নয়, তাদের সংস্পর্শে আসা মানুষদেরও নমুনা পরীক্ষা করা হচ্ছে।শুক্রবার (২৭ মার্চ) প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, প্রথমদিকে যারা বিদেশ থেকে এসেছেন অথবা করোনা আক্রান্তদের সংস্পর্শে আসেন, শুধু তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তবে এখন কেবল তারা নয়, বিদেশ ফেরতদের সংস্পর্শে আসাদেরও নমুনা পরীক্ষা করছে আইইডিসিআর। তিনি আরও জানান, ৬০-এর বেশি বয়স এবং দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন এমন কারও যদি করোনার লক্ষণ বা উপসর্গ দেখা দেয়, তবে তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। নিউমোনিয়া রোগীদের ব্যাপারে সেব্রিনা ফ্লোরা বলেন, কী কারণে নিউমোনিয়া হয়েছে সেটা ডায়াগনসিস করা যায়নি এমন রোগীদের নমুনাও পরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন মানুষের সংস্পর্শে যেতে হয় এমন মানুষের উপসর্গ দেখা দিলে, তাদেরও নমুনা পরীক্ষা করা হচ্ছে।