
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও পদ্মা সেতুর আরেকটি স্টিলের কাঠামো (স্প্যান) উঠছে কাল শনিবার। ইতিমধ্যে নির্মাণ মাঠ থেকে নতুন স্প্যানটি মাঝনদীতে নিয়ে যাওয়া হয়েছে। কাল সকাল থেকে উঠানো শুরু হবে। এটি বসলে সেতুতে স্প্যান হবে ২৭টি। দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৫০ মিটার। কালকের স্প্যানটি বসবে ২৭ ও ২৮ নম্বর পিলারের উপর। নতুন আরেকটি স্প্যান বসানোর কথা নিশ্চিত করেছেন নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের। তিনি বলেন, আগামী মাসের মাঝামাঝিতে আরও দুটি স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। এর আগে মূল সেতুর ২৬টি স্প্যান বসেছে। অর্থাৎ সেতুর প্রায় চার কিলোমিটার এখন দৃশ্যমান। কাল আরেকটি বসানো হলে ২৭টি হবে। ৪১টি স্প্যান জোড়া দেওয়া সম্পন্ন হলে পদ্মা সেতু পূর্ণাঙ্গ রূপ পাবে।
তবে প্রকল্প কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, করোনাভাইরাস আতঙ্কের কারণে দেশীয় শ্রমিকদের ৭০ শতাংশই ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। এর মধ্যে বেশ কিছু স্থানীয় প্রকৌশলী রয়েছেন। ফলে নির্মাণ মাঠে নতুন করে স্প্যান জোড়া লাগানোর কাজ বন্ধ হয়ে গেছে। এখন ৩০ শতাংশ দেশীয় কর্মী আগে জোড়া লাগানো স্প্যানে রং করার কাজ করছেন। তাঁরা নির্মাণ মাঠে তৈরি শেডেই রাত যাপন করেন। এর বাইরে বের হন না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে মূল সেতুর কাজে প্রায় চার হাজার বাংলাদেশি কাজ করছিলেন। মূল সেতুর কাজে পৌনে ৭০০ চীনা নাগরিক কাজ করতেন। এর মধ্যে শ খানেক চীনা ফিরতে পারেননি যাদের বেশির ভাগই শ্রমিক। প্রকৌশলী ও ব্যবস্থাপকদের প্রায় সবাই এখন বাংলাদেশে আছেন। তাদের এখন দেশে ফেরত না যেতে বলা হয়েছে বলে প্রকল্প সূত্র জানিয়েছে।