
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীরা বাড়ি ফিরে যাচ্ছেন।৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে কয়েকদিন আগেও চিত্র ছিল ভিন্ন। সিট না পেয়ে মেঝেতে চিকিৎসা সেবা গ্রহণ করতেও দেখা গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) হাসপাতালটি ঘুরে দেখা যায়, পুরুষ ওয়ার্ডে মাত্র একজন রোগী। মহিলা ও শিশু ওয়ার্ডেও রোগী নেই বললেই চলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ভর্তির চাপ এত থাকতো যে মাঝে মাঝে হিমসিম খেতে হতো। ৫০ শয্যার হাসপাতালে গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হতো। করোনা প্রাদুর্ভাবের পর বৃহস্পতিবার মাত্র ২৩ জন রোগী ভর্তি দেখা গেছে; যার মধ্যে ২২ জনই মহিলা ও শিশু । এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোর্শেদ আলম জানান, করোনা আতঙ্কে গত দু’দিন ধরে হাসপাতালে ভর্তি রোগীরা চলে যাচ্ছে। ছাড়পত্র না দিলেও কেউ হাসপাতালে থাকতে চাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, করোনাভাইরাসের উপসর্গ বহনকারী কোন রোগী এ পর্যন্ত উপজেলায় পাওয়া যায়নি। তবুও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।