
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপরিবহনের পাশাপাশি বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে রাইডশেয়ার সার্ভিস বন্ধ থাকবে। ২৫ মার্চ, বুধবার রাইডশেয়ারিং কোম্পানিগুলোকে এ সম্পর্কিত একটি নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) লোকমান হোসেন মোল্লা বলেন, আগামীকাল থেকে ঢাকাসহ সারাদেশে অ্যাপভিত্তিক পরিবহন সেবা বন্ধ থাকবে। সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হলো। বিষয়টি সম্পর্কে অবহিত করে সংশ্লিষ্ট রাইডশেয়ার প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ পড়ছে বাংলাদেশেও। দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ৫ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩৯ জন। ইতোমধ্যে দেশের সব স্থানের জনসমাগম না করার নির্দেশনা দিয়েছে সরকার। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সব ধরনের ধর্মীয়, সামাজিক অনুষ্ঠানের উপরেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বন্ধ করে দেয়া হয়েছে ভ্রমণ স্থানগুলোও। ২৬ তারিখ থেকে বন্ধ হচ্ছে গণপরিবহণও। কাঁচামাল ও ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকানও বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।