News71.com
 Bangladesh
 25 Mar 20, 10:15 PM
 205           
 0
 25 Mar 20, 10:15 PM

সকলে ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন॥ দেশবাসির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সকলে ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন॥ দেশবাসির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলে যার যার ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’ বিশ্ব জুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ২৫ মার্চ, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোও প্রধানমন্ত্রীর এ ভাষণ প্রচার করে।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি জানি আপনারা এক ধরনের আতঙ্ক ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। আমি সকলের মানসিক অবস্থা বুঝতে পারছি। কিন্তু এই সঙ্কটময় সময়ে আমাদের ধৈর্য্য এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এই ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ আমাদের মেনে চলতে হবে। যাঁরা করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে স্বদেশে ফিরেছেন, সেসব প্রবাসী ভাইবোনদের কাছে অনুরোধ আপনাদের হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে সঙ্গ নিরোধসহ যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলুন। মাত্র ১৪দিন আলাদা থাকুন। আপনার পরিবার, পাড়া প্রতিবেশি, এলাকাবাসী এবং সর্বোপরি দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য এসব নির্দেশনা মেনে চলা প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যতদূর সম্ভব মানুষের ভিড় এড়িয়ে চলতে হবে। কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাভাইরাস প্রতিরোধ সহজ হবে। ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক, মুখ ঢেকে নিবেন। যেখানে সেখানে কফ, থুথু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। যতদূর সম্ভব ঘরে থাকবেন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। বাইরে জরুরি কাজ সেরে বাড়িতে থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন এবং অন্যান্য ধর্মের ভাইবোনদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘আইইডিসিআর এর হটলাইন নম্বর খোলা হয়েছে। এছাড়া সোসাইটি অব ডক্টরস তাদের ৫০০টি নম্বর উন্মুক্ত করে দিয়েছে। করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ঐসব নম্বরে যোগাযোগ করুন। সরকার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন