
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধানমন্ত্রীর আজকের ভাষণে প্রধানমন্ত্রী বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন বলে গত সোমবার গণমাধ্যমকে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এদিকে দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হননি। তবে পুরোনো একজন রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর। তিনি একজন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৯ জন। বুধবার (২৫ মার্চ) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, রাজধানীর টোলারবাগে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে বলে মনে করছে আইইডিসিআর।