
নিউজ ডেস্কঃ আজ বুধবার থেকে ঢাকার রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ সময় প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। পাশাপাশি দিনে দুবার ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হবে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানান, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই চলাফেরা করতে পারবেন। তবে প্রয়োজন ছাড়া কেউ যাতে রাস্তায় না বের হন সে জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, সেনা কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার পুলিশ কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে পরিস্থিতি নিয়ে আলোচন করা হয়। বৈঠকের পর কমিশনার বলেন, সবাইকে অনুরোধ করা হবে যাতে লোকজন নিজের বাড়িতেই থাকেন। প্রথমবার স্প্রে করা হবে বেলা ১০টা থেকে ১২টার মধ্যে আর দ্বিতীয়বার স্প্রে করা হবে বেলা চারটা থেকে ছয়টার মধ্যে। পুলিশের আট বিভাগে আটটি জল কামান এক সঙ্গে জীবাণুনাশক স্প্রে করবে। প্রতিটি জলকামানে ১২ হাজার লিটার করে জীবাণুনাশক থাকবে। এতে করে এক সঙ্গে ৯৬ হাজার লিটার জীবাণুনাশক রাস্তায় স্প্রে করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কাজ দুই বেলা করে চলবে বলে জানিয়েছে পুলিশ।