
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ২২ মার্চ রবিবার থেকে ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন দেশে ঢুকতে ইচ্ছুক ১৫০ ভারতীয় নাগরিক। তারা ভারতে ঢুকতে পারছেন না ফলে বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়ে আছেন। বেনাপোল ইমিগ্রেশন জানায়, পশ্চিমবঙ্গে লকডাউন থাকায় মঙ্গলবার সকালে ১৫০ জন ভারতীয় নাগরিক তাদের দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসে। তবে তাদেরকে ঢুকতে দেয়া হবে না বলে জানায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে বেনাপোল ইমিগ্রেশনে আটকে থাকা ভারতীয়দের পাসপোর্টে এক্সিট সিল মারছেন না। ফলে চরম দুর্ভোগে পড়েছেন আটকে থাকা নাগরিকরা। আটকে থাকা ভারতীয় নাগরিকরা জানান, তারা সবাই ভারতীয় নাগরিক। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা নিজ দেশে ফিরে যেতে চাইলে ভারতীয় ইমিগ্রেশন তাদের গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। কিন্তু কি কারণে তাদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না সে কারণও জানায়নি কর্তৃপক্ষ।