
নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ ঠেকাতে আজ মধ্যরাত থেকে চীন, ব্রিটেন, ব্যাংকক ও হংকং ছাড়া সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এখনই পুরো দেশ লকডাউন করে দেয়া সম্ভব নয় বলেও জানান তিনি। চীন থেকে শিগগিরই ১০ হাজার কিট দেশে পৌঁছাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। দেশে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই আক্রান্ত হচ্ছেন বিদেশ থেকে আগতদের মাধ্যমে। আক্রান্ত দেশগুলো থেকে যেন কেউ প্রবেশ করতে না পারেন, সেই লক্ষ্যে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন করা হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে বিমান যোগাযোগ। শনিবার নেয়া সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে আরও ১০টি আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ করা হলো। এখন শুধুমাত্র ৪টি রুটে অব্যাহত থাকবে বিমান যোগাযোগ। নানা প্রয়োজনে এ ৪টি দেশের সঙ্গে এখনই যোগাযোগ বন্ধ করা সম্ভব নয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সরকার বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। তিনি জানান, এরমধ্যেই চীন ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রোটেকটিভ ইকুইপমেন্ট রেডি রেখেছে। যে কোনো সময় এগুলো চলে আসবে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ ধরনের জিনিস আনার চেষ্টা করছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সব ছুটি বাতিল করা হয়েছে।