
নিউজ ডেস্কঃ ঢাকা-১০ আসনের উপনির্বাচনে সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার সকাল ৯টার কিছুক্ষণ পরে কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।এর আগে গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শনিবার সকাল ৯টার দিকে ধানমন্ডি সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।কোনো বিরতি ছাড়াই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-১০ আসনের ভোটগ্রহণ হবে। একইসঙ্গে গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ জাতীয় সংসদের উপনির্বাচন ভোটগ্রহণ চলছে।ঢাকা-১০ আসনটিতে এবার মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী। তিনটি আসনের মধ্যে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে। এছাড়া গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হচ্ছে ব্যালেটের মাধ্যমে।ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের ফজলে নূর তাপস আসনটি ছেড়ে দিলে এ আসনটি শূন্য হয়।