
নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাদুল্যাপুরে কয়েলের আগুনে পাঁচ কৃষক পরিবারের অন্তত ১৪টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরের বিভিন্ন মালামাল, আসবাবপত্র, ধান-চাল ও হাঁস-মুরগীসহ একটি গরু পুড়ে গেছে।শুক্রবার রাত ১২টার দিকে সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের খুনিয়ারপাড়া গ্রামের ছোলায়মানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ছোলায়মানের ছেলে সাইদুল সন্ধ্যার পর গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে দেন। রাতে হঠাৎ করে গোয়াল ঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা থেকর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সাইদুল তার ভাই সোহেল, বাবা ছোলায়মান, চাচা হাকিম ও হাকিমের জামাই আমির বকসের কাঁচা টিনের ঘরসহ অন্তত ১৪টি বসতঘর পুড়ে যায়। আগুনে একটি গরুসহ প্রত্যেকের ঘরের ধান, চাল, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুন থেকে বাঁচাতে আশপাশের আরও ৫টি টিন ও খড়ের ঘর তড়িঘড়ি করে সরাতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্তরা বলছেন, কিছু বুঝে উঠার আগেই আগুনে ঘর, ঘরের মালামালসহ সব কিছুই পুড়ে যায়। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবমিলে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। তবে সর্বস্ব হারিয়ে ক্ষতিগস্ত পরিবারগুলো সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।