News71.com
 Bangladesh
 20 Mar 20, 09:17 PM
 106           
 0
 20 Mar 20, 09:17 PM

করোনা ইস্যুতে দেশে জরুরি অবস্থা জারি করার আহ্বান জেএসডির॥

করোনা ইস্যুতে দেশে জরুরি অবস্থা জারি করার আহ্বান জেএসডির॥

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে এবং দুর্যোগ হলে তা মোকাবিলায় সরকারকে জরুরি অবস্থা জারির মাধ্যমে 'জাতীয় দুর্যোগ' ঘোষণা করার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন এ আহ্বান জানান। জনগণকে নিরাপদে রাখার সম্ভাব্য সব উপায় কাজে লাগানোর আহ্বান জানিয়ে তারা বলেন, ভয়ংকর এক আঁধার সারাপৃথিবীকে গ্রাস করতে যাচ্ছে। করোনাভাইরাসের অদৃশ্য শক্তির সঙ্গে বিশ্বের অনেক দেশ যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশ এত ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও এখনও কোনো কার্যকর প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়নি, এমনকি সংক্রমণ রোধে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা যায়নি।

বিবৃতিতে নেতারা করোনাভাইরাসের ভয়াবহতা মোকাবিলায় ছয়টি সুপারিশ করেছেন। এর মধ্যে সংবিধানের ১৪১ (ক) অনুসারে জরুরি অবস্থা জারির মাধ্যমে জাতীয় দুর্যোগ ঘোষণা করা, রেস্তোরাঁ, বার, সিনেমা হল, নাট্যশালা, জাদুঘর, ক্লাব অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা, সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা, আতশবাজি-আলোকসজ্জাসহ সব ধরনের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা, গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা ও নির্দেশনা জারি করা, চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা ও আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা গ্রহণ করা। নেতারা করোনার ভয়াবহতা মোকাবিলায় জাতীয় ঐক্য স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন