
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পুলিশ সদর দপ্তরে স্থাপিত হলো ‘বঙ্গবন্ধু কর্নার’। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদরের মূল ভবনের নিচ তলায় বঙ্গবন্ধু কর্নারটির উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় তিনি বলেন, ‘শতবর্ষের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। পুলিশ হেডকোয়ার্টার্সে আগত দর্শনার্থীরা কর্নারটি ব্যবহার করবেন। তারা এখানে বসবেন। বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করবেন। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবেন।’
পুলিশ সদর দপ্তরের প্রবেশ মুখেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবি। ভেতরে দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ আলোকচিত্র। একপাশে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’। রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিশিষ্ট লেখকদের বিভিন্ন বই। প্রতিটি নিদর্শনের শৈল্পিক উপস্থাপনা ও নান্দনিকতা যোগ করেছে ভিন্ন যাত্রা। এভাবেই শ্রদ্ধা ও ভালোবাসার ছোঁয়ায় সযত্নে তুলে ধরা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গড়ে তোলা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’। এই বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।