News71.com
 Bangladesh
 06 Feb 20, 08:27 PM
 102           
 0
 06 Feb 20, 08:27 PM

পাহাড় কাটায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়ম দুঃখজনক॥পরিবেশমন্ত্রী

পাহাড় কাটায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়ম দুঃখজনক॥পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্কঃ যথাযথ নকশা অনুসরণ না করে চট্টগ্রামে পাহাড় কেটে ফৌজদারহাট-বায়েজীদ বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মো. শাহাবুদ্দীন। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পাহাড় কাটার অভিযোগ শুনে পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যেভাবে পাহাড় কাটা হচ্ছে এটি দুঃখজনক। পরিকল্পনা অনুযায়ী কাজটি করলে হয়তো এমন ঘটনা ঘটত না বলে জানান পরিবেশমন্ত্রী। এছাড়া স্লোব রাখার কথা থাকলেও সেটি অনুসরণ করা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি রাস্তা তৈরি করতে গিয়ে ১৮টি পাহাড় কাটায় চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষকে ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে শুনানি শেষে তাদের এ জরিমানা করা হয়েছিল। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বায়েজীদ সড়কটি পরিদর্শনে আসেন মন্ত্রী। এর আগে তিনি বাটালী রোডের মতিঝর্না পাহাড়ও দেখতে যান। ঢাকা ট্রাংক রোড থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত একটি লিংক রোড করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ২০১৬ সালে ছাড়পত্র নেয় তারা। কিন্তু সে অনুযায়ী কাজ না করায় আগেও তাদের ১০ লাখ টাকা জরিমানা করা হয়। প্ল্যানে দুই লাখ ৫০ হাজার ঘনফুট পাহাড় কাটার কথা থাকলেও, তারা ১০ লাখ ৩০ হাজার ঘনফুট পাহাড় কেটেছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মন্তব্য করেন, সামনের বর্ষা মৌসুমে পুরো এলাকা যেকোনো সময় পাহাড় ধসে আক্রান্ত হতে পারে। যে হারে তারা পাহাড় কেটেছে, সেটা তারা ইচ্ছে করলে এড়িয়ে যেতে পারত। এটা পরিবেশ ও প্রতিবেশের প্রতি ভয়ানক মানসিকতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন